ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড এবং নগদ অর্থসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি দলের নেতা-কর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও দেশটির পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল ও সমাবেশ আয়োজনের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। এছাড়া, ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহেরও নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতীম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা এই অপতৎপরতার পরিকল্পনা করেছিলেন। এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে, পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি।