লালমনিরহাটের পাটগ্রামে রেললাইনে বসে লুডু খেলার সময় ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা আলাউদ্দিন নগর ফাঁড়ি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে।

পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) এবং মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২) নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে তারা আলাউদ্দিন নগর স্টেশন এলাকার কাছে রেললাইনের ওপর বসে লুডু খেলছিলেন। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম বলেন, "স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।" 


এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আল মোমেন বলেন, "সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেললাইনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের কেন লাইনের ওপর বসে ছিল, তা তদন্তের মাধ্যমে জানানো হবে।"

বিষয়ঃলালমনিরহাট